রংপুরে সাংবাদিক হত্যা: নারীসহ ৬ গ্রেপ্তার
রংপুরে সাংবাদিক মতিয়ার রহমান উৎস হত্যায় জড়িত সন্দেহে এক দম্পতিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
এর আগে শুক্রবার রাতে উৎসর মা নুরজাহান বেগম আসামির নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেপ্তার রোকসানা বেগম (৩২) ও তার স্বামী সোবরাত হোসেন (৪০) ছাড়া অন্যদের নাম জানায়নি পুলিশ।
অন্য চারজনকে নগরীর পুরপুর এলাকা গ্রেপ্তার করা হয়েছে। আটক সবাই মাদক বিক্রিতা বলে জানান এসপি রাজ্জাক।
এদিকে সাংবাদিক উৎসর খুনিদের গ্রেপ্তার দাবিতে সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার রাতে স্থানীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার উৎস রহমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন গাছে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, উৎসর মা নুরজাহান বেগম শুক্রবার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে মামলায় তিনি আসামির নাম উল্লেখ করেননি।
