লক্ষ্মীপুরে বিএনপির মেয়রপ্রার্থীর বাড়িতে হামলা, ভাংচুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়রপ্রার্থী রোমান হোসেন পাটওয়ারীর বাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে পৌরসভার রতনপুর এলাকায় রোমানের বাড়িতে এ হামলা হয় বলে জানিয়েছেন তার বড় ছেলে তায়মুন শাহরিয়ার তূর্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল ৩টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা শুভ ও শোভনসহ ১৩/১৪ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে বাড়ির মূল ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে দরজা ও জানালায় ভাঙচুর চালায়।
“কিছুক্ষণ পর একই গ্রুপ রামগঞ্জ শহরে বিএনপিনেতা রোমানের পপুলার ফার্মেসির সামনে কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি জুয়েলকে লোহার রড ও হকি স্টিক দিয়ে মারধর করে তারা।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের নিউ লাইফ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
পরে ধানের শীষ প্রতীকের প্রচারে রত একটি মাইক কেড়ে নেয় তারা। আবুল কাশেম নামে প্রচারকর্মীর মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন।
পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপিদলীয় প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এবং নেতাদের মারধর করাসহ প্রচারের কাজে ব্যবহৃত মাইক কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়রপ্রার্থী আবুল খায়ের পাটওয়ারী বলেন, “বিষয়টি আমি জানি না। তবে একটি মহল আমার বিজয়কে বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।”
উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে বিষয়টি জানানো হয়েছে মোবাইলে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।”
