২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারধর

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলমের দুই সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 01:48 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

বৃহস্পতিবার রাতে পৌরসভার কাশিয়াড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস জানান।

আহতরা হলেন- শহরের ভওয়াখালী এলাকার এনামুল হক মনি (২৮) এবং মাছিমদিয়া এলাকার রাসেল মোল্লা (৩২)। তারা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

অন্যদিকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর নির্বাচন করছেন ‘জগ’ প্রতীক নিয়ে। দলের অমতে প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে বহিষ্কার করা হয়।

আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সময় নৌকা প্রতীকের প্রার্থীর সন্ত্রাসীরা রাসেল আর মনিকে পিটিয়ে আহত করে।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ‘হুমকি-ধামকির’ কারণে তার কর্মী-সমর্থকরা আতঙ্কে রয়েছে। পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তারের ভয়ও দেখানো হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “আমার সমর্থকরা কেউ এ ঘটনায় জড়িত নয়।”

ওসি সুভাষ বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।