পাবনায় হাসপাতালে নবজাতক চুরি
পাবনা জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি ওয়ার্ড থেকে এক নবজাতক চুরি হয়েছে।
মঙ্গলবার রাতে চুরি হওয়া এ শিশুটি পাবনা সদরের খয়েরসূতি গ্রামের সৌদি আরব প্রবাসী উকিল উদ্দিন ও শেলী খাতুনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার শেলী খাতুনের এ মেয়ের জন্ম হয়।
“মঙ্গলবার রাতে শিশুটির দাদি হালিমা খাতুনের কাছ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলা কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায় সে।”
তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা বিষয়টি পুলিশকে অবহিত করে বলে জানান ওসি।
পাবনা সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য পাবনার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকের চেম্বারে তল্লাশি চালাচ্ছে বলেও জানান তিনি।
স্বজনরা জানান, উকিল উদ্দিন ও শেলীর বিবাহের সাত বছর পর জন্ম হয় এ মেয়ের।
