রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ‘মিথ্যা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন রোকেয়া হলের শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার হলের আবাসিক শিক্ষক রনক জাহান ও কাজী ইমরুল কায়েসসহ কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের সঙ্গে দেখা করে লিখিত প্রতিবাদপত্র জমা দেন।
এর আগে এ হলের আবাসিক শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন একই হলের প্রথম বর্ষের এক ছাত্রী।
এ নিয়ে রফিকুল ইসলামের শাস্তির দাবিতে গত রোববার ক্যাম্পাসে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রফিকুল ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক।
দুপক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
