২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের শাস্তির দাবি করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষক রফিকুল ইসলামের শাস্তির এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, যৌন হয়রানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়ায় এসব শিক্ষক বারবারই বেঁচে যান।

এ ঘটনায় প্রশাসন ‘ব্যবস্থা না নিলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ‘ব্যবস্থা গ্রহণ করবে’ বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন ছাত্রলীগ সভাপতি।

যৌন হয়রানির শিকার ভাষা বিভাগের ওই ছাত্রী মানববন্ধনে অভিযোগ করেন, গত ২৩ নভেম্বর রোকেয়া হলে সিটের জন্য প্রাধ্যক্ষের কক্ষে যান। ওই সময় প্রাধ্যক্ষ রুবাইয়াত ইয়াসমিন ও আবাসিক শিক্ষক এ টি এম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

“প্রথম বর্ষে পড়ার কারণে আমাকে সিট দিতে অপারগতা জানান এবং ছাত্রলীগ কর্মীর পরিচয় দেওয়ায় রফিকুল ইসলাম কুরুচিপূর্ণ এবং আপত্তিকর অনেক মন্তব্য করেন।”

এরপর গত ১৬ ডিসেম্বর রফিকুল ইসলাম আবারও তাকে প্রাধ্যক্ষের কক্ষে ডেকে ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ ’ কথা বলেন বলে ওই ছাত্রীর অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হয়রানির কোনো ঘটনা ঘটেনি। ১৬ ডিসেম্বর মেয়েটির সঙ্গে আমার দেখাই হয়নি।

হলে সিট না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রুবেল, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সবুজ সারওয়ার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি আহসান হাবীব, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মতিউর রহমান মর্তুজা প্রমুখ।