গাইবান্ধায় মাটিচাপায় নিহতের ঘটনা তদন্তে কমিটি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটিচাপায় তিন জন নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার তার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অপর চার সদস্য হলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদার, গণপূর্ত বিভাগের একজন প্রতিনিধি ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।
সোমবার রাতে সাদুল্লাপুর উপজেলা সদরের অদূরে তালুক মন্দুয়ায় একটি পরিত্যক্ত কালভার্টের ইট কুড়াতে গিয়ে মাটিচাপায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়।
সাদুল্লাপুরের ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, এ ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী অথবা তাদের অবহেলা থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ মো. ইউনুস আলী সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবার প্রতি ১০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এছাড়া গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে নিহতদের পরিবার প্রতি এক লক্ষ করে টাকা সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন বলে জানান ইউএনও।
