২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৩১ ডিসেম্বর শুরু ‘মেগা বিচ কার্নিভাল’

পর্যটন বর্ষ উপলক্ষে কক্সবাজারে ৩১ ডিসেম্বর শুরু হবে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভাল’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

পর্যটন নগরীতে আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ উৎসব আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে রয়েছে বাংলাদেশ ট্যুারিজম বোর্ড (বিটিবি), বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) এবং কক্সবাজার জেলা প্রশাসন।

সোমবার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান কবির অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে এরই মধ্যে শনিবার থেকে শুরু হয়েছে ক্ষণ গণনা। রাতে সৈকতের লাবণী পয়েন্টে ২৪টি আতশবাজি পুড়িয়ে পর্যটন বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন করা হয়।

এ জন্য কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক ও কলাতলী মোড়ে দুটি ঘড়িও লাগানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন দিনব্যাপী এই কার্নিভালে দেশের সেরা শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান, স্থানীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানা আয়োজন থাকবে।

লোক শিল্পের প্রসারে ও সারা দেশের আকর্ষণীয় স্থানসমূহকে তুলে ধরার আলাদা আয়োজন থাকবে মেলায়।

আয়োজনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসন্ন থার্টি ফার্স্ট নাইট ও ম্যাগা বিচ কার্নিভ্যাল সামনে রেখে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও প্রস্তুত রয়েছে। ভাটার সময় যেন পর্যটকরা সাগরে নামতে না পারেন সেজন্যে লাইফ গার্ড ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

২০১৪ সালের ১৮ ডিসেম্বর পর্যটন বোর্ডের সভায় এ শিল্পের বিকাশে পর্যটন বর্ষসহ অনেকগুলো বিষয়ে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বুড্ডিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্সের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে ‘পর্যটনবর্ষ’ হিসেবে ঘোষণা করেন।

পুরনো খবর:

পর্যটন বর্ষের ক্ষণ গণনা শুরু