২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন বর্ষের ক্ষণ গণনা শুরু

পর্যটন বর্ষ-২০১৬ শুরু হতে কত সময় বাকি, তা জানাতে কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক ও কলাতলী মোড়ে দুটি ঘড়ি লাগানো হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 10:24 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

শনিবার রাত সাড়ে ৮টায় সৈকতের লাবণী পয়েন্টে ২৪টি আতশবাজি পুড়িয়ে পর্যটন বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান বলেন, “পর্যটনবর্ষে কক্সবাজারকে বিশ্ব দরবারে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। যার মাধ্যমে বাংলাদেশ নতুন পরিচয়ে পরিচিত হবে।”

উপসচিব পর্যটন বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মাহাবুবুর রহমান মাবু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ও সাংবাদিক আবু তাহের।

অনুষ্ঠানে জানানো হয়, ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে পর্যটন বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে এর আগেই ৩১ ডিসেম্বর সকাল থেকে লাবণী পয়েন্টে শুরু কবে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভাল’।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর পর্যটন বোর্ডের সভায় এ শিল্পের বিকাশে পর্যটন বর্ষসহ অনেকগুলো বিষয়ে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বুড্ডিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্সের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে ‘পর্যটনবর্ষ’ হিসেবে ঘোষণা করেন।