জামালপুরে বিএনপি ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষ
নির্বাচনী প্রচারণাকালে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি ও দলটির বিদ্রোহী মেয়র পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুহুল আমীন সেলিম পৌরসভার আরামনগর বাজারে নির্বাচনী প্রচারণায় যান।
“এ সময় বিএনপির প্রার্থী ফয়জুল কবীর তালুকদার শাহীনের সমর্থকরা তাকে প্রচারণা চালাতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
“সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করেছে।”
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
