বেতন-ভাতা বকেয়া: মাগুরা পৌর কর্মচারীদের বিক্ষোভ
পাঁচ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা না হলে বিদ্যুত, পানি সরবরাহ ও পরিচ্ছন্নতা কাজ বন্ধের হুমকি দিয়েছেন মাগুরা পৌরসভার কর্মচারীরা।
রোববার সকালে তারা পৌর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।
পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হান্নান জানান, গত অগাস্ট থেকে পৌরসভার ১৩৩ জন নিয়মিত কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় দুইশ কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
“এ কারণে তারা কর্মবিরতি দিয়ে ফটকে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছেন।”
অবিলম্বে তাদের বেতন ভাতা পরিশোধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুত, পানি সরবরাহ এবং শহর পরিচ্ছন্নতা কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন হান্নান।
