২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রার্থী বলে ভোট চাওয়ায় জেল-জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে একজনকে দেড় মাসের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 01:05 AM

Updated : 22 Aug 2022, 02:18 PM

দণ্ডিত সাব্বির আহমেদ তাপস ওই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত আকবরের কর্মী বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা বলেন, এক মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করায় তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজিতপুরের বাঁশমহল এলাকায় শনিবার রাত ৮টার দিকে তাপস রিকশাযোগে মাইকে মেয়র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছিলেন।

“রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে শওকত আকবরকে তাদের সমর্থিত প্রার্থী বলে প্রচার করছিলেন,” বলেন একজন।

এ সময় সহকারী কমিশনার গোলাম মোস্তফার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে সাজা দেয়।