২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় বয়লার বিস্ফোরণ, দেয়াল ধসে আহত ৪

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের পর দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে মা-ছেলেসহ অন্তত চার জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 06:14 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

শনিবার ডেন্ডাবর এলাকায় ‘আর এন গামের্ন্টস লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে ভবন মালিক ও পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন রাজিয়া খাতুন (২৮), তার দুই মাস বয়সী শিশু সন্তান রাবীব হাসান, কারখানার বয়লার অপারেটর মো. ফয়েজ (৫৫) ও পথচারী কামাল হোসেন (১৮)।

রাজীয়া ও তার ছেলেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দুজনকে স্থানীয় হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় তলার ভবনের তৃতীয় তলায় পোশাক কারখানায় দুপুরে কাজ করার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে।

“এ সময় ওই ফ্লোরের উত্তর ও দক্ষিণ পাশের দেয়াল পাশের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আর এন গামের্ন্টসের মহাব্যবস্থাপক নজরুল ইসলামসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ কি না তা প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন।

ভবনের মালিক রহিম উদ্দিন জানান, দুপুরে হঠাৎ ছয়তলা ভবনের তিন তলায় গার্মেন্টসের বয়লার বিস্ফোরণ হয়ে দুই পাশের দেয়াল ভেঙ্গে একটি বাড়ির উপরে পড়ে।

ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা এক শিশু ও তার মাসহ অন্তত ৪ জন আহত হয় বলে জানান রহিম।

বয়লার বিস্ফোরণ ও দেয়াল ধসের ঘটনার পরপরই ওই কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। ফলে কোনো গণমাধ্যমকর্মী ভিতরে প্রবেশ করতে পারেননি।