ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলিতে বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয়
আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে।
সংঘর্ষে কয়েকজন আহত হলেও তারা গোপনে চিকিৎসা নেওয়ায় পরিচয় জানা যায়নি।
বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে বন্ধের কারণ ব্যাখ্যা করে উপাচার্য আবদুল হাকিম সরকার সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে।
সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে একজন
সংঘর্ষে লিপ্ত কয়েকজন ধারালো অস্ত্র হাতে
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, দুপুর পৌনে ১টায় বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য আবদুল হাকিম সরকারের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন ও ছাত্রলীগ নেতা হালিমের নেতৃত্বে ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে মিছিল বের করে।
“মিছিলটি ছাত্রলীগের টেন্ট অতিক্রম করার সময় বর্তমান কমিটির সভাপতি সাইফুলের বিরুদ্ধে স্লোগান দিলে টেন্টে বসে থাকা সাইফুলের সমর্থকরা মিছিলে হামলা করে।”
তখন দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
তবে এখনও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ থেকে দুই রাউন্ড করে মোট চার রাউন্ড গুলি ছোড়া হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা টেন্টে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিন্তু কিছু বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ অতর্কিত গুলি ছোড়ে। সে সময় টেন্টে বসে থাকা নেতাকর্মীরা প্রতিবাদ করেছে মাত্র।”
এদিকে প্রতিপক্ষের নেতা হালিম বলেন, “আমরা মিছিল করছিলাম। এসময় সভাপতি গ্রুপ থেকে প্রথমে আমাদের উপর গুলি ছোড়া হয়। পরে আমরা তার জবাব দিয়েছি।”
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি সিন্ডিকেট সভায় শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে এবং শিক্ষার্থীদের বিকাল ৫টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
