২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী কারাগারের আরও ১৩ বন্দিকে স্থানান্তর

ফেনী কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলোচিত একরাম হত্যা মামলার ছয় আসামিসহ ১৩ জনকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন ক্ষমতাসীন দলের নেতাকর্মী রয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

ফেনীর জেলার শংকর মজুমদার জানান, শুক্রবার বিকেলে বিশেষ নিরাপত্তায় ফেনী কারাগার থেকে তাদের কুমিল্লায় স্থানান্তর করা হয়।

এদের মধ্যে একরাম হত্যা মামলার আসামি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ওরফে জিহাদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল্লা হিল মাহমুদ শিবলু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার ও সাংসদ নিজাম হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম আবিদ রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে আরও ১৫ জনকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

কারাগারের নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী প্রদীপকে লাঞ্ছিত করার অভিযোগে তাদের স্থানান্তর করা হয়েছিল বলে জানান কারা কর্মকর্তা শংকর।

পুরনো খবর:

কারাগারে ‘বিশৃঙ্খলা’, ফেনীর ১৫ বন্দিকে কাশিমপুরে স্থানান্তর