কারাগারে ‘বিশৃঙ্খলা’, ফেনীর ১৫ বন্দিকে কাশিমপুরে স্থানান্তর
ফেনীর জেলা কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৫ বন্দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ, যাদের মধ্যে কয়েকজন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী।
জেল সুপার আনোয়ারুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ জুন রাতে অস্ত্র মামলায় গ্রেপ্তার ২৬ আসামির মধ্যে ১৫ জনকে বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
“এই বন্দিরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই বন্দি অবস্থায় কারাগারের ভিতরে নিয়মিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। আজ (বৃহস্পতিবার) বিকালেও তারা একরাম হত্যা মামলার আসামিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়।”
পরিস্থিতি শান্ত করতে গিয়ে বন্দিদের হাতে কারারক্ষী প্রদীপ লাঞ্ছিত হন বলেও জানান তিনি। এরপরই ১৫ বন্দিকে কাশিমপুরের সুরক্ষিত কারাগারে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়।
এই আসামিদের মধ্যে সালেহ আহম্মেদ মিন্টু (৩৫), এনামুল করিম রাজিব (২৫), আবুল কাশেম বেসু (৩৫), আবদুর রহমান রিন্টু (২৯), আরাফাত হোসেন আসিফ (২৪), মাহাবুবুর রহমান জেমি (২৫) আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
মিন্টু ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি, রিন্টু দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক, আসিফ সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
গত ৬ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপুল এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৮টি দেশি আগ্নেয়াস্ত্র, প্রায় দেড়শ রাউন্ড গুলিসহ ২৬ জনকে আটক করে।
এ ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদী হয়ে পরদিন ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন।
অন্যদিকে ২০১৪ সালের ২০ মে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে খুনের মামলার ৪২ জন আসামি রয়েছেন এই কারাগারে, জানিয়েছেন জেল সুপার।
তারা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ওরফে জিহাদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড (বিরিঞ্চি) কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লা হিল মাহমুদ শিবলু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার, আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একরামের একান্ত সহযোগী বেলাল হোসেন পাটোয়ারী ওরফে টুপি বেলাল, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান রউফ, সংসদ সদস্য নিজাম হাজারীর মামাত ভাই আবিদুল ইসলাম আবিদ প্রমুখ।
