২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়া পৌরসভায় একমাত্র নারী মেয়র প্রার্থী নীরা

নড়াইলের কালিয়া পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একমাত্র নারী প্রার্থী সোহেলী পারভীন নীরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 02:30 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

তিনি ওই পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বাংলাদেশ নারী উন্নয়ন ফোরামের কালিয়া শাখার সাধারণ সম্পাদক। তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর শহীদ শেখ।

কালিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন জানান, কালিয়া পৌরসভায় মেয়র পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সোহেলী পারভীন নীরা জগ প্রতীক পেয়েছেন।

অন্য প্রার্থীরা হলেন, ওয়াহিদুজ্জামান হীরা (নৌকা), এসএম ওয়াহিদুজ্জামান মিলু (ধানের শীষ), বিএম এমদাদুল হক টুলু (নারকেল গাছ), ফকির মো. মুশফিকুর রহমান লিটন (চামচ), শেখ লায়েক হোসেন (মোবাইল ফোন) ও এসএম একরাম রেজা (হ্যাঙ্গার)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে রিটার্নিং কর্মকর্তা জানান।

নীরার প্রধান নির্বাচনী এজেন্ট শরিফুল ইসলামের দাবি, কালিয়া পৌরসভা প্রতিষ্ঠার ৩৯ বছরের মধ্যে এই প্রথম কোনো নারী মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সোহেলী পারভীন নীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারলে আমি জয়লাভ করব।”

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কালিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা সাড়ে ১৪ হাজার।