জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতাসহ গুলিবিদ্ধ ৩
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একদিন আগে গ্রেপ্তার এক শিবির নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার জাতাইর এলাকায় গোলাগুলির এ ঘটনার পর এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে বলে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান।
গুলিবিদ্ধরা হলেন- জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী, সাধারণ সম্পাদক ওমর আলী ও আল আমীন।
আল আমীন উপজেলার বেসখণ্ড গ্রামের আবদুস সামাদের ছেলে। পুলিশ বলছে, আল আমীন থানার একজন তালিভুক্ত সন্ত্রাসী।
ওসি আশরাফুল বলেন, বৃহস্পতিবার বিকালে আল আমীনকে আটক করে পুলিশ। তার আগে সকালে নাশকতার মামলার আসামি আবুজার গিফারী ও ওমরকে রিভলবার ও হাতবোমাসহ গ্রেপ্তার করে পুলিশে দেয় র্যাব।
“শুক্রবার ভোরে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য জাতাইর এলাকায় যায় পুলিশ। এ সময় জামায়াত-শিবির কর্মীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা জবাব দেয়। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হয়।”
পরে ঘটনাস্থল থেকে একটি শটগান, তিনটি রাম দা ও একটি চায়নিজ কুড়ালসহ উপজেলার কুশুম্বা ইউপি জামায়াতের সেক্রেটারি সুজাউল ইসলামকে আটক করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনসহ তাদের সবাইকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
