রামেক ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত ৩
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের সঙ্গে মহানগরীর বিল-সিমলা এলাকাবাসীর সংঘর্ষে তিনজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিল-সিমলা এলাকায় কলেজের বন্ধ গেটের কাছে রাব্বি নামে এক শিক্ষার্থী কেনাকাটা করতে গেলে স্থানীয় মিন্টু নামে এক ব্যক্তির সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
“একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষার্থীরা বন্ধ গেট এলাকায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।”
এ সময় ইটের আঘাতে দুই ছাত্রসহ তিনজন আহত হলে তাদের কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
তবে পুলিশ কারও নাম প্রকাশ করেনি।
নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে।
কিন্তু পুলিশ গোলাগুলির খবর পায়নি বলে জানিয়েছে।
