নাটোরে বিএনপি প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ
যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নাটোর পৌরসভার বিএনপি প্রার্থী এমদাদুল হক আল মামুন।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
এছাড়া হুমকি বিষয়ে নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগও করেছেন তিনি।
অভিযোগের পর আওয়ামী লীগ প্রার্থী উমা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী আতিউর রহমান।
সংবাদ সম্মেলন থেকে প্রচারে বাধা ও পোস্টার ছেঁড়ার অভিযোগ করেন বিএনপির এ প্রার্থী।
এমদাদুল হক বলেন, “বুধবার বিকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বলারীপাড়ায় গণসংযোগ করার সময় স্থানীয় যুবলীগ নেতা মানিকের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী আমাকে ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলে। আবার গেলে পিটিয়ে মেরে ফেলারও হুমকি দেয়।
“সেখান থেকে বড়হরিশপুরে শের-ই-বাংলা হাই স্কুল এলাকায় গণসংযোগে গেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে ১৫-২০ জন মোটরসাইকেলে করে এসে আমাকে নির্বাচনী প্রচারণা বন্ধ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য টানাহেঁচড়া করে।”
এ সময় মাসুম তাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া পিটিআই এলাকায় গণসংযোগে যুবলীগের কর্মীরা বাধা দেয় এবং শহরের বিভিন্ন এলাকায় তার পোস্টারগুলো ছিঁড়ে ফেলার অভিযোগ করেন বিএনপির এ প্রার্থী।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নারী কর্মীরা বিভিন্ন এলাকায় ভোট চাইতে গেলে সরকার দলীয় লোকরা অশালীন ভাষায় গালিগালাজ ও চুল কেটে দেওয়ার হুমকি দিয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।
শেখ এমদাদ তার লোকজন নিয়ে নির্বিঘ্নেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন বলে দাবি করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার এমদাদুল হক একটি লিথিত অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের মেয়র প্রার্থী উমা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
