নন্দীগ্রামে চাঁদা না দেওয়ায় ৭ পরিবার সমাজচ্যুত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চাঁদা না দেওয়ায় এক গ্রামের সাত পরিবারকে চার মাস ধরে সমাজচ্যুত করে রেখেছেন মাতব্বররা।
সমাজচ্যুত পরিবারগুলো হচ্ছে- সৈয়দপুর গ্রামের রায়হান আলীর পরিবার, আফসার, শাহীনুর, ইউনুছ, দুদু মিয়া, ইনছান ও জিল্লুর রহমানের পরিবার।
মাতব্বরদের একজন জমসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদে চাঁদা না দেওয়ার কারণে গ্রামের সবাই বসে তাদের সমাজচ্যুত করা হয়েছে।
সমাজচ্যুত এসব পরিবারের সাথে যারা কথা বলবে তাদেরও সমাজচ্যুত করা হবে বলে এই মাতব্বর দম্ভ করে বলেন।
তবে সমাজচ্যুত রায়হান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মাতব্বররা একেক বাহানায় একেক জনের কাছে চাঁদা চায়।
“আমাদের এই সাত পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত একটি বিরোধ নিষ্পত্তির জন্য মাতব্বর জমসেদ আলী, জলিল মণ্ডল, আক্কাস আলী, মহসিন আলী, হায়দার আলীসহ কয়েকজন সালিশ বৈঠকে বসেন। কিন্তু বিষয়টি নিষ্পত্তির আগে তারা আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।”
গ্রামের এক নাম প্রকাশে অনিচ্ছুক যুবক বলেন, “মাতব্বররা দীর্ঘদিন ধরে এলাকায় সালিশ বৈঠকের নামে এসব অপকর্ম করে যাচ্ছেন। সমাজচ্যুত করায় সাতটি পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের সাথে গ্রামের কোনো লোকজনকে কথাও বলতে দেওয়া হচ্ছে না। এমনকি মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে গ্রাম্য মাতব্বরদের সাথে বৈঠক করে ফল পাওয়া যায়নি। পরে সমাজচ্যুত পরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পরামর্শ দিয়ে এসেছি।”
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম বলেন, “এ বিষয়ে চেয়ারম্যান বা ভুক্তভোগীরা কেউ আমাকে কিছু জানায়নি। তবে ঘটনাটি যেহেতু শুনলাম, আমি এখনই ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি।”
