যশোরে আ.লীগের মেয়রপ্রার্থীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
যশোর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন এক ‘বিদ্রোহী প্রার্থী’।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু এই অভিযোগ তুলেন।
তার অভিযোগ, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেন্টু চাকলাদারের কর্মীরা তাকে ও তার কর্মীদের জবাই করে হত্যার হুমকি দিচ্ছে।
তিনি বলেন, “সম্প্রতি সেবা সংঘ স্কুলে নৌকা মার্কার পক্ষে এক নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার প্রকাশ্যে বলেছেন, ৪ নম্বর ওয়ার্ডে অন্য কোনো প্রার্থীর পোস্টার থাকবে না।
“শুধু তাই নয়, কোনো ভোটকেন্দ্রে (অন্য প্রার্থীর) নির্বাচনী এজেন্টও থাকবে না বলেও শাহীন ঘোষণা দেয়।”
প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার পর থেকেই শাহীনের কর্মীরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলেও চুন্নু অভিযোগ করেন ।
তিনি বলেন, “গত ১৪ ডিসেম্বর দুপুরে কাজীপাড়া এলাকার তমালের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী তার তিন কর্মীকে মারধর করে এবং পোস্টারে আগুন ধরিয়ে দেয়।”
তারা তার ছেলে সুমনকে অপহরণেরও চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
সাবেক মেয়র চুন্নু জানান, এ সব বিষয়ে যশোরের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে সঙ্গে যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার সাংবাদিকদের বলেন, “চুন্নুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলে অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি এসব নাটক সাজিয়েছেন।”
