২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদের দাবি জাফর ইকবালের

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 04:38 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

পুরনো খবর:

পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করল ঢাবি
‘ক্ষমা চাও, পাকিস্তান’

মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধের পর ত্রিদেশীয় চুক্তির আওতায় ফেরত যাওয়া ১৯৫ পাকিস্তানি সেনা সদস্যের বিচারের দাবিও জানান তিনি।

জাফর ইকবাল বলেন, "এখন থেকে আমাদের একটা আন্দোলন করতে হবে-সেটা হবে প্রথমত পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো না আমরা, আর দ্বিতীয় দাবি হবে ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচার করা।"

"পাকিস্তান এখন অপরাধ স্বীকার করেনা। পাকিস্তান এখনও বলে যাচ্ছে যে-একাত্তরে এখানে কোনো কিছু করে নাই, এটা এক ধরনের নির্বুদ্ধিতা। এরা মিথ্যাবাদী।"

এর আগে ৪ ডিসেম্বর লিখিত এক কলামে এই কলামনিস্ট পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদ চেয়ে সেক্টর কমান্ডারস ফোরামের জানানো দাবিকে 'যৌক্তিক দাবি' মন্তব্য করে তাতে সমর্থন দেন।

Image
‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অধ্যাপক জাফর ইকবাল

‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অধ্যাপক জাফর ইকবাল

‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে এই আলোচনা সভায় অংশ অধ্যাপক ইকবাল। আলোচনায় অংশ নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ইকবাল বলেন, "যদি আমরা এ বিষয়টি নিয়ে আন্দেলন শুরু করি, কথা বলতে শুরু করি- তাহলে এদেরও বিচার করা সম্ভব।

"তোমরা কত সৌভাগ্যবান তোমাদের পাকিস্তানে জন্ম হয়নি, স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে। তোমাদের পরাধীনতা ভোগ করতে হয়নি।"

গত ২২ নভেম্বর বুদ্ধিজীবী হত্যাকারী বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর 'উদ্বেগ' প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তান। এরপর ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

এর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে।

এ ধরনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

Image
‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অধ্যাপক জাফর ইকবাল

‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অধ্যাপক জাফর ইকবাল

ইতোমধ্যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে।

স্বাধীনতার বিরোধীতাকারীদের অনুসারীরা এখনও সক্রিয় থেকে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শুনিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে বলে আলোচনা মন্তব্য করেন লেখক জাফর ইকবাল।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় দেশে যে ৩০ লাখ মানুষ মারা গেছে, দুই থেকে চার লাখ নারী নির্যাতনের শিকার হয়েছে এবং প্রায় এক কোটি মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তা পৃথিবীর অনেক দেশই বিশ্বাস করতে চায় না।

"ওই সময়ে স্বাধীনতার বিরোধীতাকারীদের অনুসারীরা এখনও সক্রিয়। তারা মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সাবধান, তাদের ফাঁদে পা দিবে না।," শিক্ষার্থীদের উদ্দেশে বলেন অধ্যাপক ইকবাল।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবালে সভাপতিত্বে সভায় অধ্যাপক ইয়াসমিন হক, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক শাসুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণিসহ অন্যরা বক্তব্য রাখেন।