২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করল ঢাবি

শহীদ বুদ্ধিজীবী দিবসে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

তপন কান্তি রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 05:14 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জরুরি সিন্ডিকেট বৈঠক শুরু পর সভায় 'পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদ'র প্রস্তাব তোলা হয়, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই বৈঠক।

এরপর সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'যত ধরনের সম্পর্ক রয়েছে', তা ছিন্ন করার বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে।

গত ২২ নভেম্বর বুদ্ধিজীবী হত্যাকারী বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর 'উদ্বেগ' প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তান। এরপর ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে 'কড়া প্রতিবাদ' জানানো হয়।

এর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে।

এ ধরনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন বলেন, "বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, ৩০ লক্ষ মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত-তাদের দেশ সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান।

“সেই পাকিস্তান যখন বলে একাত্তরে কোনো গণহত্যা ঘটেনি এবং কোনো গণহত্যার সঙ্গে পাকিস্তানের সেনাসদস্যরা জড়িত নয়-তখন আমরা বুঝতে পারি যে, একাত্তরে যারা গণহত্যা চালিয়েছিল এদেশে তারা দ্বিতীয় বার গণহত্যা চালাচ্ছে।”

একাত্তরে নয় মাস সারা দেশে হত্যাযজ্ঞের পাশাপাশি পরাজয়ে অন্তিম মুর্হূর্তে ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষকদের ধরে নিয়ে হত্যা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা।

উপাচার্য বলেন, "এসব ঘটনার প্রত্যক্ষ প্রমাণ এই বিশ্ববিদ্যালয়ে আছে। এই প্রত্যক্ষ প্রমাণ সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কাইভগুলোতে আছে। বিভিন্ন গণমাধ্যমে একাত্তরের ঘটনার প্রমাণ যেখানে রয়েছে সেই জায়গায় এই ধরনের মিথ্যাচার করা ।”

'ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে এ ধরনের মিথ্যার সঙ্গে আপোষ করা অসম্ভব ব্যাপার,' বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আরেফিন বলেন, "আমাদের বিজয়ের মাসের প্রথম দিনের বিজয় র‌্যালি থেকেই আমরা বলে আসছি-পাকিস্তানের কোনো সরকারি প্রতিষ্ঠান, কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পহেলা ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েন কোনো ধরনের সম্পর্ক রক্ষা সম্ভব নয়"

সিন্ডিকেটে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা পর সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

পাকিস্তানের সরকারের দ্বারা গঠিত হামিদুর রহমান কমিশনের রিপোর্টসহ পাকিস্তানে বহু পত্রপত্রিকা এ নথিপত্রেও একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রমাণ রয়েছে বলে মন্তব্য করে সাংবাদিকতা বিষয়ের এই শিক্ষক।

তিনি বলেন, “সেগুলোকে তারা অস্বীকার করছে। তাই সিন্ডিকেটের প্রথম সিদ্ধান্ত হচ্ছে- একাত্তরে গণ্যহত্যার জন পাকিস্তান নিঃস্বার্থ ক্ষমাপ্রার্থনা না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা কোনো কিছুর সঙ্গে আর সর্ম্পক থাকবে না।

'এমনকি গবেষণা বিষয়েও কোনো ধরনের সম্পর্ক নয়,' জানিয়ে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-ছাত্র বিনিময় প্রতিনিধি এবং যেসব স্মারক চুক্তি হয়েছে, সেগুলো আজ থেকে সব স্থগিত।"

ত্রিদেশীয় চুক্তি অনুযায়ী, গণহত্যায় নেতৃত্ব দেওয়া যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত পাক বাহিনীর ১৯৫ সেনা সদস্যের বিচার করার শর্তে ফেরত দেওয়া হলেও স্বাধীনতার পর ৪৪ বছরেও তাদের বিচারের ব্যবস্থা করেনি পাকিস্তান।

আরেফিন সিদ্দিক বলেন, “তাই আমাদের সিদ্ধান্ত-ওই ১৯৫ জনের বিচার করতে হবে, একইসঙ্গে এদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের মরনোত্তর বিচার করতে হবে।”

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্কসহ সব ধরনের সম্পর্কচ্ছেদের জন্য সরকারের প্রতিও অনুরোধ জানান তিনি।

এছাড়া জাতিসংঘ ও সার্কসহ বিশ্বের বিভিন্ন সংস্থায় পাকিস্তানের সদস্যপদ বাতিলের দাবি জানাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

অধ্যাপক আরেফিন বলেন, “সার্ক চার্টারেও রয়েছে এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আমাদের দেশের মানবতাবিরোধীদের বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়া চলছে-সে বিচারে প্রেক্ষিতে পাকিস্তান বক্তব্য দিয়ে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে।”

এ সময় একই ধরনের পদক্ষেপ যেন অন্য বিশ্ববিদ্যালয়গুলোও নেয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়কে জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সরকারি বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি’র সভাপতি ও সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেট সভায় সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হোসাইন, উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমদ, অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সহকারী অধ্যাপক নীলিমা আক্তার ও অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পাকিস্তানের সঙ্গে ঢাবি’র সম্পর্ক ছিন্নের প্রস্তাব উঠছে সিন্ডিকেটে