‘ক্ষমা চাও, পাকিস্তান’
একাত্তরে গণহত্যার দায় অস্বীকার ও যুদ্ধাপরাধের বিচার নিয়ে মন্তব্যের জন্য পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে শহীদ বুদ্ধিজীবী দিবসেও।
সোমবার রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ কর্মী কিংবা সাধারণ মানুষ সবার মুখেই ছিল এই দাবি। তারা বলেছেন, ওই বক্তব্যের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।
বধ্যভূমির মূল বেদীতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ বলেন, “কটূক্তি করার জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি বলব, পাকিস্তানের সঙ্গে আমাদের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করা উচিত।”
গত ২২ নভেম্বর বুদ্ধিজীবী হত্যাকারী বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর 'উদ্বেগ' প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তান। এরপর ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
এর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে।
এ ধরনের ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যায়িত করে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
উপাচার্য বলেন, “আজ ২০১৫ সালে এসে দেখি সেই বর্বর, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান বলছে- একাত্তরে কোনো গণহত্যা ঘটেনি। কোনো গণহত্যায় তারা সম্পৃক্ত ছিল না। আমি মনে করি, ১৯৭১ এ তারা একবার গণহত্যা চালিয়েছে, ২০১৫ সালে দ্বিতীয়বার গণহত্যা চালাচ্ছে।”
এ অবস্থায় ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক রাখা একেবারেই উচিৎ হবে না’ বলে মন্তব্য করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। এই হত্যাকণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।
পরে শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।
সেই রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদী সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক 'কটূক্তি'র জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন নৌমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, “আমাদের দ্বিতীয় পর্যায়ের আন্দোলন হবে, ১৯৭১ সালে যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তাদের বিচারের জন্য।”
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রাপ্য 'ন্যায্য হিসসা' পাকিস্তানের ফেরত দেয়নি মন্তব্য করে তিনি বলেন, “ওই ১৯৫ জনের বিচারের পাশাপাশি আমাদের ন্যায্য হিসসা দিতে হবে এবং আমাদের সম্বন্ধে পাকিস্তানিরা যে কটূক্তি করেছে সেজন্য তাদের ক্ষমা চাইতে হবে- এই দাবিতে আন্দোলন শুরু করতে চাই।"
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ অবশ্য মনে করছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ‘অনেক আগেই’ ছিন্ন হয়েছে।
তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালেই আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা দেশ স্বাধীন করেছি। আমরা পাকিস্তান নিয়ে এখন ভাবছি না, পাকিস্তান কোনো ভাবনার বিষয় নয়।
“পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, একে নিয়ে ভাবার সময় আছে বলে মনে করি না। এরকম একটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকা না থাকা অর্থহীন।”
ওই ১৯৫ জনের মধ্যে জীবিতদের বিচারের দাবি জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যে ১৯৫ জনকে যুদ্ধাপরাধীকে বিচারের কথা বলে পাকিস্তান ফেরত নিয়েছিল-তারা কিন্তু তা করেনি, তারা তাদের কথা রাখে নি। আমাদের ট্রাইব্যুনালের এখতিয়ার আছে এই ১৯৫ জনের বিচার করার।"
বদর প্রধান আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নুজহাত।
“এই বুদ্ধিজীবী দিবস অন্যগুলোর চেয়ে কিছুটা আলাদা। কারণ এই বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল তাদের প্রধানের ফাঁসি হয়েছে। তাই আমরা আশাবাদী অন্যদেরও ফাঁসি হবে। আজকের ১৪ ডিসেম্বর শোকের নয়, আজকের ১৪ ডিসেম্বর আমার অহংকারের।”
