যশোরে বাস উল্টে নিহত ৩
যশোর থেকে বেনাপোল যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস উল্টে তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে মহাসড়কের মালঞ্চি এলাকার এ দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে ঘটে বলে কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানিয়েছেন।
নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার মালঞ্চি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ওহেদ আলী (৫৫), যশোর সদর উপজেলার তেঘুরিয়া গ্রামের আইয়ুব হোসেন (৪৩) ও একই উপজেলার নতুন হাট গ্রামের আইয়ুব হোসেন (৩৪)।
আহতদের মধ্যে ১১ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাচড়া মোড় থেকে বেনাপোলের দিকে যাওয়ার পথে মালঞ্চি এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বালির স্তুপের উপর উল্টে যায়। এতে পথচারীসহ বাসের যাত্রীরা আহত হন।
আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওহেদ ও এক আইয়ুবের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক আইয়ুব।
তাদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।
আহতদের মধ্যে রয়েছেন- রাকিব (৪৫), রাকিবুল হাসান (৩৮), লিয়াকত হোসেন(৪০), নাছিমা খাতুন (৩০), নিলুফার (৩২), আব্দুল খালেক (৩১), আব্দুর রশিদ(৪৮), আব্দুর রাজ্জাক(৪০), লিপি সরকার (৩০), খোকন হোসেন (৪০) ও হানিফ(৫৫)।
বাকিদেরসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি।
