স্কুলছাত্রীর আত্মহত্যা: তদন্ত শুরু
নকলের অভিযোগে বহিষ্কার ও ভর্ৎসনার পর নারায়ণগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষামন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি নারায়ণগঞ্জে আসেন।
তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল খালেক ও জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ।
জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “কমিটির সদস্যরা প্রথমে নিহতের মা- বাবা পরে অভিযুক্ত স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য রেকর্ড করেন।”
তদন্ত কমিটি প্রধান অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
ওই ছাত্রীর আত্মহত্যার খবর শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।
এরপর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক শাহীন আরা বেগম ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরী বিকালে শহরের ছোট ভগবানগঞ্জ এলাকায় মৃত শিক্ষার্থীর বাড়ি যান।
এই কর্মকর্তারা ওই বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞাকে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখতে নির্দেশ দেন। পরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
