স্কুলছাত্রীর আত্মহত্যা: খতিয়ে দেখার নির্দেশ শিক্ষামন্ত্রীর
নারায়ণগঞ্জে নকলের অভিযোগে বহিষ্কার, মারধর ও ভর্ৎসনার পর স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞাকে এই নির্দেশ দেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী।
ওই ছাত্রীর আত্মহত্যার খবর শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।
এদিকে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরী বিকালে শহরের ছোট ভগবানগঞ্জ এলাকায় মৃত শিক্ষার্থীর বাড়ি যান।
এই কর্মকর্তারা ওই বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
ঘটনার তিন দিন পার হলেও কোনো শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর ইউএনও আফরোজা আক্তার চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম ও তিনি বিকালে মৃত শিক্ষার্থী উম্মে হাবিবা শ্রাবণীদের বাড়ি যান। এ সময় তারা ওই বাড়িতে কেউ ছিল না। লাশ দাফনের জন্য তার বাবা-মা গ্রামের বাড়ি নোয়াখালী গেছেন।
“আমরা বাড়ির মালিক, অন্যান্য প্রতিবেশী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। পরে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় গণবিদ্যা নিকেতন স্কুলের যাই।”
সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইয়ুম এর বক্তব্য নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “তিনি আমাদেরকে জানিয়েছেন, এই ঘটনায় শিক্ষক কামরুল হাসান মুন্নাকে ইতিমধ্যে সাময়কিভাবে বরখাস্ত করা হয়েছে। অপর শিক্ষিকা নাসরিন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
এছাড়া যে সহকারী প্রধান শিক্ষকের রুমে এই ঘটনা ঘটেছে- তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে প্রধান শিক্ষক তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্থ করেছেন বলে ইউএনও জানান।
ইউএনও আফরোজা আক্তার আরও জানান, রোববার অফিস খোলার পর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে গণবিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এম এ কাইয়ুম জানান, ওই ষ্কুল ছাত্রীকে প্রকাশ্যে সবার সামনে ভর্ৎসনা করা মোটেও ঠিক হয়নি। আত্মসম্মানে আঘাত লাগার কারণে সে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে।”
এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান মুন্নাকে স্কুল পরিচালনা কমিটির জরুরি সভা করে সাময়িক বরখাস্ত করেছে। অপর সহকারী শিক্ষক নাসরিন বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে কামরুল হাসান মুন্না শনিবার স্কুলে আসেননি। ঘটনার পর থেকে তার ফোন বন্ধ রয়েছে বলেও তিনি জানান।
এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির আইনগত বিষয়ক সম্পাদক শাহানারা বেগম বলেন, স্কুল ছাত্রীকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার জন্য দায়ী শিক্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কোনো কথা বলেননি তিনি।
গত বৃহস্পতিবার নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পদার্থ বিদ্যা পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগ উম্মে হাবিবা শ্রাবণীকে মারধর ও অপমান করেন স্কুলের সহকারী শিক্ষক কামরুল হাসান মুন্না ও সহকারী শিক্ষক নাসরিন আক্তার। পরে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।
এই ঘটনার পর ওই ছাত্রী বাড়ি ফিরে দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যা করার আগে ওই ছাত্রী তার ডায়েরিতে আত্মহত্যার কারণ হিসেবে প্রকাশ্যে অপমান ও মারধরের কথা লিখেছে।
