২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় দুই দিন আগে ট্রলারডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

উদ্ধার হওয়া আব্দুল কাদির (৫০) মুন্সীগঞ্জের মোক্তাপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।

সোমবার বক্তাবলী পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৃতীয় দিনের মতো অনুসন্ধান কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে নিখোঁজ ট্রলার যাত্রী আব্দুল কাদিরের লাশ ডিক্রিরচরে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।”

তবে এখনও একই পরিবারের তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন এসআই আব্দুল রাজ্জাক।

এরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২)।

গত শনিবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সদরের ডিক্রির চর এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে যায়।

এতে ওই ট্রলারের ৫ যাত্রী নিখোঁজ থাকে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শনিবার দিনভর পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করলেও নিখোঁজদের সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় শনিবার উদ্ধার অভিযান স্থগিত রাখে ফায়ার সার্ভিস।

রোববারও উদ্ধার অভিযান অব্যাহত রাখে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ট্রলারডুবিতে প্রথমে পাঁচজন নিখোঁজ হওয়ার কথা বলা হলেও সেলিম নামের একজন জীবিত রয়েছেন, যাকে রাধানগর মাজারে পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় রোববার।

পুলিশের দাবি ট্রলার ডুবে যাওয়ার সময় সেলিম নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে আবার লেংটা পাগলার মাজারে চলে যান।

পুরনো খবর:

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: একজনের সন্ধান মিলেছে, নিখোঁজ ৪