২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: একজনের সন্ধান মিলেছে, নিখোঁজ ৪

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে নিখোঁজ একজনের সন্ধান মিলেছে; এক পরিবারের তিনজনসহ এখন নিখোঁজ রয়েছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 09:07 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

সেলিম মিয়া নামের একজন ট্রলারডুবির পর সাঁতরে কূলে উঠে বক্তাবলী রাধানগর লেংটা পাগলার মাজারে চলে যান। তার বাড়ি আড়াইহাজার উপজেলার নাগপাড়া গ্রামে।

রোববার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালালেও নিখোঁজদের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দিনমনি।

এদিকে বিকাল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে নদীর তীরে আনা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সদরের ডিক্রির চর এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে যায়।

এতে ওই ট্রলারের ৫ যাত্রী নিখোঁজ থাকে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

শনিবার দিনভর পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করলেও নিখোঁজদের সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় শনিবার উদ্ধার অভিযান স্থগিত রাখে ফায়ার সার্ভিস।

রোববার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়।

ঢাকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহামুদ জানান, চারজন ডুবুরি উদ্ধার কাজ চালিয়েছেন। নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধার করা হয়েছে।    

বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল রাজ্জাক জানান, ট্রলারডুবিতে পাঁচজন নিখোঁজ হওয়ার কথা বলা হলেও সেলিম নামের একজন জীবিত রয়েছেন। তাকে রাধানগর মাজারে পাওয়া গেছে।

“তিনি জানান, ট্রলার ডুবে যাওয়ার সময় তিনি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে আবার লেংটার পাগলার মাজারে চলে যান।”

এসআই আব্দুল রাজ্জাক আরও জানান, রোববার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। নিখোঁজ ৪ যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। সোমবার আবার উদ্ধার কাজ চালানো হবে।

নিখোঁজরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তার মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২) এবং মুন্সীগঞ্জের পশ্চিম মোক্তারপুর এলাকার আব্দুল কাদির।

পুরনো খবর:

নৌকার অবস্থান শনাক্ত, খোঁজ মেলেনি কারো