সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত সরদার’ নিহত
সাতক্ষীরার পাটকেলঘাটায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ‘ডাকাত সরদার’ নিহত এবং আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত আবু সাঈদের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতি গ্রামে।
জেলা পুলিশের বিশেষ শাখার এসআই ইনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে কাপাসডাঙ্গা গ্রামে এই ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন খুলনার কয়রা উপজেলার বাগালী গ্রামের আরিফুজ্জামান (২০) ও ঘুগরাকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজী (২১) এবং পটুয়াখালীর সুপখালী গ্রামের সুবেল খান (২২)। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরও চার ‘ডাকাত’ গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন পাটকেলঘাটা থানার কুমিরা আচিমতলা গ্রামের আবুল কাসেম (৩০), তৈলকুপি গ্রামের সুমন ইসলাম (২৮), সেনপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬) এবং বান্দরবান জেলার লামা থানার লাহিনঝিরি গ্রামের রবিউল ইসলাম (১৮)।
এসআই ইনামুল বলেন, কাপাসডাঙ্গা গ্রামের রাকিব অটো রাইস মিলের কাছে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতেরা পরিবহনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাটকেলঘাটা থানার পুলিশ ও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়।
“পুলিশ দেখে ডাকাতদল বোমা বিস্ফোরণসহ গুলি ছোড়ে। পুলিশও গুলি করলে ১০-১৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়।”
এ সময় গুলিবিদ্ধ চার ‘ডাকাত’সহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ‘ডাকাত সরদার’ সাঈদকে মৃত ঘোষণা করেন বলে এসআই জানান।
সাঈদের বিরুদ্ধে সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ‘একটি পাইপগান, একটি রিভলবার, দুটি বড় ধারালো দা ও চারটি লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র’ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
