২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে বিকাশকর্মী গুলিবিদ্ধ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘ছিনতাইকারীর গুলিতে’ এক বিকাশকর্মী আহত হয়েছেন। তবে কোনো টাকা খোয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 12:06 AM

Updated : 22 Aug 2022, 02:15 PM

রোববার দুপুরে শিমুলিয়া এলাকায়  মো. সেলিম মিয়া (৩২) গুলিবিদ্ধ হন বলে জানান ওই উপজেলার বিকাশ সুপারভাইজর মো. সাহেদ আলী।

সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সেলিম ও তার সহযাত্রী সাব্বির আহমেদের বরাত দিয়ে সুপারভাইজর সাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিম ও সাব্বির মিরেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যাচ্ছিলেন।

“শিমুলিয়ায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলে করে এসে ছয় ছিনতাইকারী গুলি করে। এতে সেলিম গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে খাদে পড়ে যান।”

এ সময় ছিনতাইকারীরা সাব্বিরের কাঁধে থাকা লিফলেট ও পোস্টারের ব্যাগ ছিনিয়ে নিয়ে টঙ্গীর দিকে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরে স্থানীয়রা সেলিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় টাকা-পয়সা খোয়া যায়নি বলে জানান সুপারভাইজর সাহেদ।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আওরঙ্গজেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিমের বাঁ ঊরুর একদিক দিয়ে গুলি ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানান।

কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাশকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পের্ক তিনি কিছু জানেন না।