২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল উৎসবের আয়োজক হত্যায় একজন গ্রেপ্তার, বাউলদের মানববন্ধন

চুয়াডাঙ্গায় বাউল উৎসবের আয়োজক হত্যা জাকারিয়া হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 07:57 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

পুরনো খবর:

আয়োজক হত্যার পর বাউল উৎসব বন্ধ, গ্রেপ্তার নেই

গ্রেপ্তার মুক্তার আলী (৩৮) মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় মুক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রাতেই থানায় আনা হয়।

সোমবার তাকে চুয়াডাঙ্গার আদালতে পাঠানো হবে ওসি জানান।

অপরদিকে জাকারিয়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছে জেলা বাউল কল্যাণ সংস্থা।

পরে বাউলদের সঙ্গে নিয়ে সংগঠনের সভাপতি মহিউদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের কাছে স্মারকলিপি দেন।

বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে গুচ্ছগ্রামের ফকির বাগানে তার বাবা ফকির ফজলু শাহের মাজারে বাউল উৎসবে যাওয়ার পথে ওই উৎসবের আয়োজক জাকারিয়া সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের ভাই মো. কিবরিয়া বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।