লালমনিরহাটে পাদ্রিকে ‘হুমকি’ দিয়ে আইএস-এর নামে চিঠি
দিনাজপুর ও রংপুরে কয়েকজন পাদ্রিকে হত্যার হুমকি দেওয়ার পর এবার লালমনিরহাটে আরেক খ্রিস্টান যাজককে ‘আইএস’ এর নামে চিঠি দেওয়া হয়েছে।
লালমনিরহাট সদর থানার এসআই আলমগীর হোসেন জানান, লালমনিরহাট ‘চার্চ অভ গড’ মিশনের যাজক তপন কুমার বর্মন ওই চিঠি পাওয়ার পর শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এসআই আলমগীর জানান, গত বৃহস্পতিবার চার্চে পৌঁছানো ওই চিঠির খামের উপরে প্রেরকের জায়গায় ‘আইএস বাংলাদেশ শাখার কমান্ডার’ ছিল।
চিঠিতে বলা হয়েছে, “সিরিয়ার আইএস কমান্ডার তোমার মস্তক চেয়ে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে। শিঘ্রই তোমার মস্তক সিরিয়ায় উপহার স্বরূপ পাঠানো হবে “
যা খেতে ইচ্ছে করে তা ‘তৃপ্তি করে ২০ ডিসেম্বরের মধ্যে’ খেয়ে নিতে এবং স্ত্রীর কাছে ‘বিদায় চেয়ে নিতে’ বলা হয়েছে ফাদার তপনকে।
