২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি বিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

তথ্যপ্রযুক্তি বিষয়ক বিতর্ক উৎসবে রাজশাহী অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 03:04 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

রাজশাহী অঞ্চলে প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জয়পুরহাট সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, রাজশাহী কলেজ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি দল।

চূড়ান্ত প্রতিযোগিতায় রাজশাহী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়-১ দল।

দেশের ১৬টি অঞ্চলে এই উৎসব চলছে। আঞ্চলিক চ্যাম্পিয়ন ও রানার আপ দলগুলোকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। তারিখ এখনও ঠিক হয়নি।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে বিজয়ীদের পুরস্কার দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা এবং ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’র সংগঠক সাব্বিরুল ইসলাম।

গত ৩ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে উৎসব উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।