আড়াইহাজারে গণপিটুনিতে নিহতদের লাশ হস্তান্তর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত আট ‘ডাকাতের’ লাশ স্বজনদের কাছে হস্তান্তর সম্পন্ন করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গ থেকে তিনজনের লাশ লাশ হস্তান্তর করা হয় বলে আড়াইহাজার থানার এসআই মাহবুবুর রহমান জানান।
তাদের সবার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।
বানিয়াবাড়ী গ্রামের নাদের আলীর ছেলে একাব্বর আলীর (৩২) লাশ তার বড় বোন আশেদা বেগম গ্রহণ করেন। একই এলাকার আবু তাহেরের (৩৩) লাশ গ্রহণ করেন তার স্ত্রী জোছনা বেগম এবং পচাপাহোলা গ্রামের জব্বার আলীর ছেলে দুলাল মিয়ার (২৮) লাশ গ্রহণ করেন তার প্রতিবেশী রবিউল ইসলাম।
এর আগে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের লাশ হস্তান্তর করে পুলিশ।
তাদের মধ্যে চারজনের বাড়ি ময়মনসিংহ। জেলার কোতোয়ালি থানার পুনারপাড় গ্রামের জুয়েল টিটুর লাশ গ্রহণ করেন তার বাবা মজিবর মিয়া, একই থানার ভাটিবাড়েরা গ্রামের হাসান আলীর ছেলে রুবেলের লাশ গ্রহণ করেন তার মামা সেলিম, একই গ্রামের শহর আলীর ছেলে সোহাগের লাশ তার বড় ভাই শওকত উল্লাহ এবং শামসুদ্দিনের ছেলে ছোটনের লাশ তার বড় ভাই খোকন মিয়া গ্রহণ করেন।
এছাড়া ফেনীর সোনাগাজী থানার আলমপুরের ওবায়দুল হকের ছেলে ট্রাকচালক রাজিব রনির লাশ গ্রহণ করেন তার স্ত্রী নাজমা বেগম।
এদিকে সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবারের ঘটনায় গ্রেপ্তার লোকমানের স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার মূল হোতা শওকত সোহাগ।
“তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে,” বলেন পুলিশের এই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় একটি চালের আড়তে ‘ডাকাতি চেষ্টার পর’ আটজনকে পিটিয়ে হত্যা করে জনতা।
এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ওই ঘটনায় আড়াইহাজার থানায় দুটি মামলা হয়েছে।
