বীরাঙ্গনারা বকেয়াসহ মুক্তিযোদ্ধা ভাতা পাবেন: মোজাম্মেল
মুক্তিযোদ্ধা হিসেবে বীরাঙ্গনাদের বকেয়া ভাতাও পরিশোধ করা হবে বলে জনিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার কুষ্টিয়ায় ‘মুক্তি মিত্র স্মৃতিসৌধ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধের শেষ দিকে ৯ ডিসেম্বর কুষ্টিয়া শহরতলীর জিকে খালের কালভার্ট (বর্তমান চৌড়হাস) এলাকায় পাক সেনাদের সঙ্গে ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তিসেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষে বহু হতাহত হয়।
ওই যুদ্ধের স্মরণে চৌড়হাসে নির্মিত হয়েছে ‘মুক্তি মিত্র স্মৃতিসৌধ’।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়েছে। তবে প্রথম প্রক্রিয়ায় এ তালিকায় কিছু নাম বাদ পড়েছে। চলমান সংশোধিত প্রক্রিয়া শেষে শিগগিরই ত্রুটিমুক্ত গেজেট প্রকাশ করা হবে।
“অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেবেন। এছাড়াও মুক্তিযোদ্ধা হিসেবে বকেয়া ভাতাও পরিশোধ করা হবে।”
‘মুক্তি মিত্র স্মৃতিসৌধ’ উদ্বোধন শেষে এ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনায় অংশ নেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায়। তিনি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এই ধরনের স্মৃতিস্তম্ব তৈরিতে দুদেশের সম্পর্ক আরও গাঢ় হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফও বক্তব্য রাখেন।
“ওই যুদ্ধে মিত্র বাহিনীর প্রয় ৩০০ সদস্য নিহত হন।”
তিনি জানান, ওই ঘটনার পরদিন মিত্রবাহিনী আকাশ ও স্থলপথে আক্রমণে পাকসেনাদের পরাজয়ের মধ্য দিয়ে এই অঞ্চল শত্রুমুক্ত হয়।
ওই যুদ্ধে সেখানে কয়েকটি ট্যাংকসহ যুদ্ধ বিমানও বিধ্বস্ত হয় বলে জানান তিনি।
