বগুড়ায় বাস উল্টে মা-ছেলেসহ নিহত ৩
বগুড়া সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহত শিশুর বাবাসহ অন্তত চারজন।
সদর থানার এসআই মো. আসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সদরের ঝোপগাড়ি ট্যাংক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুপনী গ্রামের আশরাফুলের স্ত্রী সাজেদা (৩০), তাদের ছেলে মাজেদুল (৫) ও বাসচালকের সহকারী বগুড়ার মোকামতলার শাওন (৩৫)।
আহতদের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলার ডেভিড (৪০) ও সুন্দরগঞ্জের ধুপনী গ্রামের আশরাফুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই আসলাম জানান, শাহীন-সুমন নামের বাসটি গাইবান্ধা থেকে বগুড়া আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
আহত আশরাফুল জানান, তিনি বগুড়া শহরতলীর বেলাইলে ভাড়া বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। স্ত্রী সাজেদা ও ছেলে মাজেদুলকে নিয়ে তিনি বাড়ি থেকে কর্মস্থল বগুড়া আসছিলেন।
