২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ‘সন্দেহের’ গুলিতে আহত পশু চিকিৎসক

বগুড়ায় ‘পুলিশের সিগন্যাল অমান্য করায় সন্দেহবশত’ এক পশু চিকিৎসককে গুলি করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2015, 10:15 AM

Updated : 25 Apr 2022, 02:12 PM

শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে গুলি চালিয়ে মুয়াজ্জিনকে হত্যার পর জেলাজুড়ে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে শুক্রবার বেলা ৩টায় শহরতলীর সাবগ্রাম চৌরাস্তায় তল্লাশি চৌকিতে এই ঘটনা ঘটে।

পিঠে গুলিবিদ্ধ পশু চিকিৎসক রুবেলকে (৩৫) বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বগুড়া সদরের চান্দুপাড়ার আব্দুল জলিলের ছেলে।

ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শাহআলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুবেল মটর সাইকেলে করে যাওয়ার পথে পুলিশ তাকে থামতে সিগন্যাল দেয়। কিন্তু রুবেল সিগন্যাল অমান্য করেন। তার পিঠে ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশ পেছন থেকে শটগান দিয়ে গুলি করে।”

প্রত্যক্ষদর্শী দোকানি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিবর্ষণের পর স্থানীয় জনগণ ওই পুলিশ কনস্টেবলকে ধরে একটি দোকানে এক ঘণ্টা আটকে রাখে।পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় এ এলাকায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।”

তবে কনস্টেবলকে আটক বা যান চলাচল বন্ধ হয়নি বলে দাবি করেছে পুলিশ।