নীরবের দাফন সম্পন্ন
ঢাকার কদমতলীতে পয়োনিষ্কাশনের নালায় ডুবে মৃত শিশু নীরবের লাশ মাদারীপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বুধবার রাত ৯টায় দাফন সম্পন্ন হয় তাদের নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম বনগ্রামে।
দাফন শেষে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিশুদের মৃত্যু খুবই দুঃখজনক। আমাদের অভিভাবকদের উচিত শিশুদের প্রতি আরও সচেতন হওয়া।”
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলার সময় ড্রেনে পড়ে মারা যায় ইসমাইল হোসেন নীরব। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার তীরে আরেক নালায়।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে নীরবের লাশের ময়নাতদন্ত শেষ হয়। নর্দমার পানিতে ডুবেই তার মৃত্যু হয় বলে ময়নাতদন্ত শেষে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
এরপর হাসপাতাল থেকে নীরবের লাশ বুঝে নিয়ে দাফনের জন্য অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন বাবা রেজাউল করিম ও চাচা আব্দুল কুদ্দুসসহ স্বজনরা। মা নাজমা বেগম ছিলেন অন্য এক গাড়িতে।
লাশ বনগ্রামে আনার পর শোকের ছায়া নেমে আসে। অসংখ্য মানুষ নীরবে ভিড় করে রেজাউল করিমের বাড়িতে।
