২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খেলতে গিয়ে পোলা আর ফিরল না’

স্বল্প আয়ের সংসারে একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়ে দিনবদলের স্বপ্ন দেখেছিলেন বাবা-মা; এক বিকেলের দুর্ঘটনায় সেই ছেলেকে হারিয়ে এখন তাদের চোখে শুধু কান্না।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 02:30 AM

Updated : 22 Aug 2022, 02:12 PM

মঙ্গলবার বিকালে রাজধানীর কদমতলীতে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পয়োনিষ্কাশন নালায় পড়ে যায় ছয় বছরের শিশু ইসমাইল হোসেন নীরব। প্রায় সাড়ে চার ঘণ্টার তৎপরতায় উদ্ধারের পর চিকিৎসকরা জানান, ও নেই আর।

ছেলেটির মৃত্যুর সংবাদ জানার পর কদমতলীর শ্যামপুর ইউনিয়নের পালপাড়ায় ওই টিনের ঘরে গিয়ে দেখা যায়, অঝোরে কাঁদেছেন মা নাজমা বেগম। কারোর সান্ত্বনা বাক্যই যেন কানে ঢুকছিল না তার।

ছোট্ট একরুমের বাসায় এক প্রহরের ব্যবধানে যেন দুনিয়ার কষ্ট এসে ভর করেছে। সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠছিল আশাপাশও।

কাঁদতে কাঁদতে নাজমা বেগম বলেন, “বিকাল ৪টার দিকে কলেজের এক ছাত্র আইসা খবর দেয়, আমার পোলারে একজন ধাক্কা দিয়া ম্যানহোলে ফালাইয়া দিছে। এই খবর শুইন্যা আমি দৌড়াইয়া যাই, সেখানে আমার ছেলেরে আর খুঁইজা পাইলাম না।

“বাড়িতে আমি তারে পড়াইতাম। পড়া থেইকা উইঠা পোলা খেলতে গিয়ে আর ফিরল না। ওরে এইবার বড় ওয়ানে ভর্তি করাইতে চাইছিলাম। এই জন্য বাড়িতে পড়াইতাম।”

Image
শিশু নীরব

শিশু নীরব

নীরবের বাবা রেজাউল নারায়ণগঞ্জের গাউছিয়াতে আরএফএলে চাকরি করেন। মাদারীপুরের কালকিনী উপজেলার পশ্চিম বনগ্রামে তাদের বাড়ি।

বাড়ির কাছে পালপাড়ায় বন্ধুদের সঙ্গে খেলার সময় বিকাল ৪টার দিকে নীরব পয়োনিষ্কাশন নালায় পড়ে যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।

নীরবকে উদ্ধারে বিকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের নালায় তল্লাশি চালান ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বাড়ি-ঘরের পাশ দিয়ে যাওয়া নালাটিতে কারখানার বর্জ্যের স্রোত রয়েছে।

কয়েকঘণ্টা অনুসন্ধানের পর রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে বুড়িগঙ্গার তীরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।