কদমতলীতে নর্দমায় শিশু, উদ্ধারের চেষ্টা
রাজধানীর কদমতলী থানার পালপাড়া এলাকায় ছয় বছরের একটি শিশু পয়োনিষ্কাশন নালায় পড়ে গেছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামপুরের পালপাড়ায় নালার মধ্যে ইসমাইল হোসেন নীরব নামের ছেলেটি পড়ে যাওয়ার তিন ঘণ্টা পরেও তাকে উদ্ধার করা যায়নি।
ছেলেটিকে উদ্ধারে নালায় তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বাড়ি-ঘরের পাশ দিয়ে যাওয়া নালায় কারখানার বর্জ্রের স্রোত রয়েছে।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বিকাল ৪টার দিকে ছেলেটি নালার মধ্যে পড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
নীরবের মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন, বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে তার ছেলে পড়ে যান।
একটি ছেলে ধাক্কা দিলে নীরব নালায় পড়ে যায় বলে এক শিশু জানিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে জিহাদ নামে একটি শিশু পড়ে গেলে ২৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তার অবস্থান নিশ্চিত না হতে পেরে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস।
তার কয়েক মিনিটের মধ্যে স্থানীয়দের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
