২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীরবের গ্রামে 'ফেরা'

ডিসেম্বরেই বাবা-মায়ের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল নীরবের, বাড়ির পাশের স্কুলে তাকে ভর্তি করার কথা ভেবে রেখেছিলেন মা নাজমা বেগম আর বাবা রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 08:34 PM

Updated : 26 Jul 2022, 12:09 PM

বাবা-মার সঙ্গে সেই ডিসেম্বরেই গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বনগ্রামে গেল নীরব, গেল লাশ হয়ে।

তবে একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করানোর আনন্দের বদলে চোখে-মুখে কান্নার ঝড় তুলে নীরবের শবযাত্রা নিয়ে গেলেন নাজমা-রেজাউল দম্পতি।

মঙ্গলবার বিকালে ঢাকার কদমতলী এলাকায় সমবয়সী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পয়োনিষ্কাশনের নালায় পড়ে মারা যায় ছয় বছর বয়সী ইসমাইল হোসেন নীরব।

ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে বুড়িগঙ্গা নদীর তীর থেকে নীরবের নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে নীরবের লাশের ময়নাতদন্ত শেষ হয়। নর্দমার পানিতে ডুবেই তার মৃত্যু হয় বলে ময়নাতদন্ত শেষে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

এরপর হাসপাতাল থেকে নীরবের লাশ বুঝে নিয়ে দাফনের জন্য অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হন বাবা রেজাউল করিম ও চাচা আব্দুল কুদ্দুসসহ স্বজনরা। মা নাজমা বেগম শবযাত্রায় থাকলেও তাকে রাখা হয় অন্য এক গাড়িতে।

লাশ বহনকারী গাড়িটি দুপুর আড়াইটার দিকে মাওয়া ফেরিতে ওঠে। এ সময় টেলিফোনে রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ভাই, ফেরিতে আছি। চারদিকে পানি, অ্যাম্বুলেন্সে নীরবের নিথর দেহ।

"ভাই, এমনতো ভাবনা ছিল না। ভাবনা ছিল নীরবকে নিয়ে আমরা দুজন (নাজমা-রেজাউল) ডিসেম্বরে গ্রামের বাড়িতে যাব। বাড়ির পাশের বল্লারভিটা প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করাব। "

স্কুলে ভর্তি করাতে নাজমা নীরবকে আদর্শ লিপিসহ ফুল-ফল ও মাছের নাম ভালভাবে শিখিছিলেন বলেও জানান রেজাউল।

সন্তান হারা বাবা স্মৃতিচারণ করতে থাকেন, "এমন করেই মাওয়া থেকে ফেরিতে যেতাম, চারিদিকের পানি দেখে খুশি হতো নীরব।"

"কিন্তু এখন ভাবনার কত ফারাক," বলেই কেঁদে ওঠেন রেজাউল।

নীরবের চাচা আব্দুল কুদ্দুস বলেন, "ভাই, এসময় এসব জিজ্ঞাসা করলে কান্নাকাটি আরও বেশি করে। নাজমাকে ইচ্ছা করে অন্য গাড়িতে দিয়েছি। নীরবের লাশের গাড়িতে দিলে নাজমা কাঁদতে কাঁদতে মরে যেত।"

গ্রামের স্কুলে কেন ভর্তি করাতে চেয়েছিলেন জানতে চাইলে কুদ্দুস বলেন, "রেজাউল নারায়ণগঞ্জের গাউছিয়াতে আরএফএল কোম্পানিতে চাকরি করে। কদমতলী থেকে যাওয়া-আসা, খরচে পেরে উঠছিল না।"

"তাই বাড়ির পাশে যেহেতু স্কুল আছে, সেখানেই ভর্তি করানোর সিদ্ধান্ত ছিল।"

লাশ নিয়ে বনগ্রামের বাড়ি পৌঁছে এশার নামাজের পর জানাজা শেষে দাদা আব্দুল করিমের কবরের পাশে নীরবকে দাফন করা হয়।

পুরনো খবর:

‘খেলতে গিয়ে পোলা আর ফিরল না’
কদমতলীতে নর্দমায় শিশু, উদ্ধারের চেষ্টা
রাজধানীতে নর্দমায় পড়ে শিশুর মৃত্যু