সাংসদ লিটনের জামিনের মেয়াদ বাড়ল
শিশু সৌরভকে গুলি করার মামলায় সাংসদ মনজুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১৭ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে গাইবান্ধার একটি আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার মঙ্গলবার এ আদেশ দেন।
বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের আরেকটি মামলায়ও তিনি জামিনে রয়েছেন।
২৪ দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন।
এরপর গত ২৪ নভেম্বর একই আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে তা নাকচ করে মামলার পরবর্তী ধার্য তারিখ ৮ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করে।
লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, দুপুরে আদালতে হাজির হয়ে তিনি স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা নাকচ করে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে।
গাইবান্ধা আদালতের পুলিশ পরিদর্শক এ কে এম এনামুল করিম জানান, বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের মামলায় সাংসদ লিটন অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। এ মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।
গত ২ অক্টোবর লিটনের গুলিতে শিশু শাহাদাত হোসেন সৌরভ আহত হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর সাংসদ লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
এছাড়া ওইদিনই লিটন ও তার লোকজনের বিরুদ্ধে উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডলের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
হাফিজার মন্ডল গত ৭ অক্টোবর লিটনসহ ১০ জনকে আসামি করে ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেন।
সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত ২৬ অক্টোবর বাড়ি ফিরেছে।
গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে সাংসদ লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিনই তাকে সেখানে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
তৃতীয় দফা জামিন আবেদনের পর ৪ নভেম্বর বাড়িতে ভাংচুর ও লুটপাট মামলায় জামিন পান তিনি। তবে একই আদালত থেকে সৌরভ হত্যা চেষ্টা মামলায় জামিন পান চতুর্থ দফা আবেদনের পর গত ৮ নভেম্বর।
সংসদ অধিবেশন চলার সময় পর্যন্ত তাকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
