দুই শিশুসহ মাকে হত্যার অভিযোগ
নীলফামারীতে দুই শিশুসহ এক মাকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
জলঢাকা থানার এসআই প্রবীর কুমার রায় সাংবাদিকদের জানান, রোববার সকালে জলঢাকা উপজেলার দক্ষিণ কাঁঠালী চৌধুরীর হাট আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
আটক আশরাফ আলী (৪০) পুলিশের কাছে দাবি করেছেন, তার স্ত্রী ফেন্সি বেগম (৩০) তাদের মেয়ে আকলিমা (৫) ও খাদিজাকে (২) হত্যার পর নিজে আত্মহত্যা করেন।
তবে ফেন্সির মা নূরবানু সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আশরাফ আলী তাদের পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
ফেন্সি কাঁঠালী গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। আশরাফ আলী দক্ষিণ কাঁঠালী গ্রামের কেচুয়া মামুদের ছেলে। তারা ওই আশ্রয়ণ প্রকল্পে থাকতেন।
দিনমজুর আশরাফ আলী পুলিশকে বলেন, “রোববার সকাল ৭টার দিকে ফেন্সি আমাকে বাসিভাত ভেজে দিয়েছে। ভাত খেয়ে আমি বাজারে গেছি।
“বাজার থেকে ৯টার দিকে বাড়ি এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি দুই সন্তান লাশ হয়ে বিছানাই পড়ে রয়েছে। আর ফেন্সি ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলছে।”
এরপর তিনি পুলিশে খবর দেন।
অপরদিকে ফেন্সির মা নূরবানু বলেন, “এক মাস আগে আশরাফ আলী গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেমে আসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
“আজ সকালে শুনি দুই নাতনিকে হত্যার পর আমার মেয়ে আতত্মহত্যা করেছে। আমার বিশ্বাস আশরাফ পরিকল্পিতভাবেই দুই মেয়েকে হত্যার পর ফেন্সিকে হত্যা করেছে। তারপর লাশ ঝুলিয়ে রেখে বলছে আত্মহত্যা।”
জলঢাকা থানার ওসি দিলোয়ার হাসান ইনাম সাংবাদিকদের জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দুই শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
