গোপালগঞ্জে শিশু হত্যাকারী মায়ের ‘প্রেমিক’ গ্রেপ্তার
গোপালগঞ্জে দুই শিশুসন্তানকে হত্যা মামলার প্রধান আসামি মা জান্নাতুল ফেরদৌস কুলসুমের ‘প্রেমিককে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
সাহেব আলী রানাকে (৩৮) শনিবার রাতে মাদারীপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, “কুলসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার প্রেমিক সাহেব আলীকে গ্রেপ্তার করে রাতেই গোপালগঞ্জ সদর থানায় আনা হয়।
“গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।”
আদালত সোমবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছে বলে জানান ওসি।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে নিজ সন্তান রায়হান সরদারকে (১০) হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে এবং রইসকে (৪) বালিশচাঁপা দিয়ে হত্যা করেন মা জান্নাতুল ফেরদাউস কুলসুম।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম জানান, কুলসুমের বাবা মওলানা বেলাল মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। গত বছর তিনি মারা যাওয়ার পর তার মোবাইল সিমটি কুলসুম ব্যবহার করতেন।
গত ১৭ নভেম্বর মাদারীপুরের রানা নামে এক ব্যক্তি তার মোবাইলে ফোন করেন। পরে কুলসুমও তাকে কয়েক দফা ফোন করেন।
একপর্যায়ে তার সঙ্গে কুলসুম বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কুলসুমের দুই সন্তান তাদের ভালোবাসার পরিণতিতে বাধা হয়ে দাঁড়ায়।
রানার কথামতো প্রেমের সফল পরিণতির জন্য দুই সন্তনকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন কুলসুম।
বৃহস্পতিবার রাতে সন্তান হত্যার সময় একাধিকবার রানার সঙ্গে কুলসুমের কথা হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
