দুই শিশু হত্যা: আদালতে মায়ের স্বীকারোক্তি
গোপালগঞ্জে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাদের মা জান্নাতুল ফেরদৗস কুলসুম বেগম।
রোববার গোপালগঞ্জের বিচারিক হাকিম গৌতম কুমার ঘোষের আদালতে কুলসুম বেগম ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, মোবাইল ফোনে মাদারীপুরের এক যুবকের সঙ্গে সম্পর্কের কারণে নিজের দুই ছেলেকে হত্যায় জড়িত বলে কুলসুম বেগম স্বীকার করেছেন।
পরে জান্নাতুল ফেরদাউস কুলসুমকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের মওলানা ইউসুফ সরদারের ছেলে রায়হান (১০) ও রইচকে (৬) শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ব্যাপারে শুক্রবার গভীর রাতে ইউসুফ সরদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
এর আগে ঘটনার পর নিহত শিশুদের মায়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, বৃহস্পতিবার রাতে অপরিচিত দুই ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে তাদের মা কুলসুম বেগমকে বেঁধে ফেলে এবং পরে তার সামনেই দুই ছেলেকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
নিহত রায়হান ভোজেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা ইউসুফ সরদার টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক। তিনি মাদ্রাসার কাজে ঢাকা গিয়েছিলেন। ঘটনার আধা ঘণ্টা পরে তিনি বাড়ি পৌঁছান।
