২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে বেঁধে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা

গোপালগঞ্জে এক গৃহবধূকে বেঁধে রেখে তার সামনেই দুই শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 01:27 AM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহত রায়হান (১০) ও রইচ (৬) ওই গ্রামের ইউসুফ সরদারের ছেলে।

পুলিশ কর্মকর্তা মামুন সাংবাদিকদের বলেন, “রায়হান ও রইচ রাতের খাবার খাওয়ার সময় অপরিচিত দুই ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে তাদের মা কুলসুম বেগমকে বেঁধে ফেলে। পরে তার সামনেই দুই ভাইকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।”

রায়হান ভোজেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত দুই শিশুর বাবা ইউসুফ টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার কাজে ঢাকা গিয়েছিলেন তিনি। ঘটনার আধা ঘণ্টা পর তিনি বাড়ি পৌঁছান।

কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার মামুন।

তবে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “ঘটনার রহস্য দ্রুতই উদঘাটন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”