২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রকে ‘হত্যার পর আত্মহত্যা প্রতিবন্ধীর’

কুষ্টিয়া সদরে মানসিক প্রতিবন্ধী এক যুবকের বাটালের আঘাতে এক কলেজছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 11:50 AM

Updated : 25 Apr 2022, 02:15 PM

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ওই ঘটনায় আটক প্রতিবন্ধী যুবকটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার হাটশহরিপুর গ্রামে ওই ঘটনায় জনতার হুড়োহুড়ি ঠেকাতে রাবার বুলেট ছুড়লে এক স্কুলছাত্র আহত হয় বলেও জানান পরিদর্শক রবিউল।

নিহতরা হলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বাণিজ্য একাদশ শ্রেণির ছাত্র সুজন (১৮) ও মানসিক প্রতিবন্ধী পলাশ (২২)।

রাবার বুলেটে আহত হয় দি ওল্ড কুস্টিয়া হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র মেহেদী হাসান (১৬)। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন সুজন। ওই সময় স্থানীয় মিন্টু শেখের ছেলে পলাশ এক ব্যক্তিকে বাটাল নিয়ে ধাওয়া করেন।

ওই ব্যক্তি পালিয়ে বাঁচলেও সামনে পেয়ে পলাশ আঘাত করেন সুজনকে।

“স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।”

পরিদর্শক রবিউল আরও জানান, ঘটনার পর এলাকার লোকজন পলাশকে একটি বাড়িতে আটকে রাখে। ওই সময় উৎসুক জনতা ভিড় করলে তাদের ঠেকাতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।

“রাবার বুলেটে আহত হয় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্র।”

এদিকে ঘরে আটক পলাশ সবার অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিদর্শক রবিউল।

পুরনো খবর:

‘জুয়ার টাকার জন্য স্ত্রীকে হত্যা’, স্বামী গ্রেপ্তার