দাগনভূইয়ায় জাপা প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ
ফেনীর দাগনভূইয়া পৌরসভায় জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সিরাজ উদ্দিন দুলাল অভিযোগ করেছেন, তার মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল খায়েরও প্রায় একই ধরনের অভিযোগ করেছেন।
দাগনভূইয়া পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন দুলাল বলেন, বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন দুপুরে জেলা রিটার্নিং ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “দুপুরে বড় ভাই মোখলেসুর রহমান সেলিমকে উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পাঠাই।
“এ সময় সরকার দলীয় ক্যাডাররা নাম মনোনয়নপত্রটি ছিঁড়ে ফেলে তাদের কার্যালয় থেকে বের করে দেয়।”
বিষয়টি তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানমকে জানিয়েছেন বলেও জানান।
দাগনভূইয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল খায়ের বলছেন, তার মনোনয়নপত্রটি জমা দেওয়ার সময় দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে।
আবুল খায়ের বলেন, সকাল ১০টার দিকে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে উপজেলা প্রাঙ্গণের সামনে থেকে ২০/৩০ জন যুবক তার হাত থেকে তা ছিনিয়ে নিয়ে যায়।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানম বলেন, “জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার সময় কক্ষে ছিলাম না।
“বিষয়টি জানার পর তার সঙ্গে যোগাযোগ করে পুনরায় মনোনয়নপত্র গ্রহণ করার আশ্বাস দিয়েছি।”
কারও মনোনয়নপত্র ছিনতাই বা চুরি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে বলে জানান তিনি।
দাগনভূইয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম জানান, উপজেলা নির্বাচনী কার্যালয়সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কোনো প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের বিষয়ে পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি বলেও জানান তিনি।
